সম্পাদকীয়
সাম্প্রতিক সময়ে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ট্রোল, বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে, তা শুধু একজন ব্যক্তিকে নয়; পুরো শিক্ষক সমাজকেই প্রশ্নবিদ্ধ করছে।
একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না। প্রতিটি শিশু এক একটি আলাদা বৈশিষ্ট্য, প্রতিভা ও মানসিক গঠন নিয়ে জন্মায়। তাদের বেড়ে ওঠার ধরণও একেক রকম। সেই ভিন্নতাকে বুঝে প্রতিটি শিশুর বিকাশে সহায়তা করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা সবচেয়ে সংবেদনশীল। একটি শিশু যেন বিশ্বাস করতে পারে—"আমার স্যার বা ম্যাম আমাকে বোঝেন, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন"—এই আত্মবিশ্বাস গড়ে তোলেন শিক্ষকই। এই সম্পর্কের কোনো বিকল্প নেই।
তাই কোনো শিক্ষিকা যদি একটি গান বাজিয়ে, হাসিমুখে কিংবা ছাতা উড়িয়ে আনন্দের একটি মুহূর্ত ধারণ করেন, সেটিকে অশ্লীলতা বা অপরাধ হিসেবে দেখার কোনো যৌক্তিকতা নেই। বরং এটি প্রমাণ করে, আমরা এখনও অন্যের স্বাভাবিক আনন্দকে সহজভাবে গ্রহণ করতে শিখিনি। হতে পারে তিনি শিক্ষার্থীদের জন্য আনন্দের বার্তা দিতে চেয়েছেন, হতে পারে নিজের মানসিক প্রশান্তির জন্য কয়েকটি মুহূর্ত উপভোগ করেছেন। উভয়ই একজন মানুষের স্বাভাবিক অধিকার।
বাস্তবতা হলো, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নানামুখী প্রশাসনিক চাপ, অতিরিক্ত দায়িত্ব, সামাজিক প্রত্যাশা এবং অনেক ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির অপ্রয়োজনীয় হস্তক্ষেপের মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। অনেক সময় টিকে থাকাই তাঁদের জন্য কঠিন হয়ে ওঠে। এত কিছুর মাঝেও যদি তাঁরা কয়েকটি মুহূর্ত নিজের জন্য রাখেন, তাতে আপত্তির কী থাকতে পারে?
অথচ শিক্ষকদের কাছ থেকেই আমরা চাই—তাঁরা গান জানবেন, নাচ জানবেন, অভিনয় করবেন, সৃজনশীল হবেন, শ্রেণিকক্ষে আনন্দময় পরিবেশ সৃষ্টি করবেন এবং শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করবেন। কিন্তু সেই শিক্ষক নিজের জীবনের একটি আনন্দঘন মুহূর্ত প্রকাশ করলেই শুরু হয় সমালোচনা। এই দ্বিমুখী মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সমালোচনা অবশ্যই হতে পারে। কিন্তু সেই সমালোচনা হতে হবে শালীন, যুক্তিনির্ভর ও দায়িত্বশীল। ব্যক্তিগত আক্রমণ, ট্রোল কিংবা চরিত্রহনন কোনো সভ্য সমাজের ভাষা নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদের অংশ হিসেবে আহ্বান জানিয়েছেন—শিক্ষকরা যেন তাঁদের সেরা শাড়ি কিংবা পাঞ্জাবি পরে বিদ্যালয়ে যান। এই আহ্বানের অন্তর্নিহিত বার্তা একটাই—শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
চারপাশে যখন চুরি, ডাকাতি, হত্যা, দুর্নীতি ও নানা ধরনের অপরাধ সমাজকে গ্রাস করছে, তখন কেউ যদি সুন্দর পোশাক পরে, হাসিমুখে জীবনকে উপভোগ করার চেষ্টা করেন, তাতে দোষ কোথায়? বরং আমাদের সমাজে আনন্দের চর্চাই কমে যাচ্ছে। অন্যের আনন্দকে হিংসা না করে, সেই আনন্দকে সম্মান জানানোই একটি সুস্থ সমাজের পরিচয়।
সমালোচনার ঝড় যতই উঠুক, আলো ততই ছড়িয়ে পড়ুক। ইতিহাস বলে, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সময়ের প্রবাহে তাকেই মানুষ বেশি মনে রাখে। তবে সেই আলোচনা হোক সম্মান ও যুক্তির, বিদ্বেষের নয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কিছু মানুষ শিক্ষকের সৃজনশীলতা ও ব্যক্তি স্বাধীনতার ওপর অদৃশ্য শেকল পরিয়ে দিতে চান। একজন শিক্ষক কী পরবেন, কীভাবে হাসবেন, কখন আনন্দ করবেন—এসবও যদি সামাজিক আদালতের বিচারের বিষয় হয়ে যায়, তাহলে তা ব্যক্তি স্বাধীনতার জন্য শুভ সংকেত নয়। মানুষকে এক ছাঁচে ঢেলে দিতে চাওয়া, সৃজনশীলতার ওপর অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করা এবং ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রবণতা কোনো মুক্ত ও গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হতে পারে না।
উদ্বেগের আরেকটি দিক হলো, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ যেন ইতিবাচকতার চেয়ে নেতিবাচকতাকেই বেশি গুরুত্ব দেয়। সামান্য একটি আনন্দঘন মুহূর্তকেও বিতর্কে রূপ দেওয়া, না বুঝে মন্তব্য করা এবং উত্তেজনার বশে অযাচিত ভাষা ব্যবহার করা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। এতে ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ক্ষতিগ্রস্ত হয় সমাজের সুস্থ বিতর্কের সংস্কৃতি।
সুর, সংগীত ও শিল্প মানুষের মনকে পরিশুদ্ধ করে—এ কথা বহুদিনের স্বীকৃত সত্য। আনন্দহীন শিক্ষা কখনো পরিপূর্ণ শিক্ষা হতে পারে না। একজন শিক্ষক যদি সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন, তবে সেটিকে উৎসাহিত করাই উচিত। কারণ শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা জীবনকে সুন্দরভাবে বাঁচতে শেখায়।
শিক্ষক কোনো যন্ত্র নন। তাঁরও মন আছে, অনুভূতি আছে, ক্লান্তি আছে, আনন্দ আছে। একজন হাসিখুশি শিক্ষকই একটি হাসিখুশি প্রজন্ম গড়ে তুলতে পারেন। আজ যখন সমাজে অসংখ্য গুরুতর সমস্যা রয়েছে, তখন একজন শিক্ষকের হাসিমুখ বা একটি আনন্দঘন ভিডিওকে জাতীয় বিতর্কে পরিণত করা সত্যিই দুঃখজনক।
শিক্ষকের ভুল হলে অবশ্যই গঠনমূলক সমালোচনা হবে। কিন্তু অহেতুক ট্রোল, বিদ্রূপ ও অপমান কোনো সমস্যার সমাধান নয়। বরং এতে শিক্ষক সমাজ নিরুৎসাহিত হয় এবং সৃজনশীল পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষকের সম্মান অটুট থাকুক। সৃজনশীলতা ও মানবিকতার জয় হোক। ট্রোল নয়, সম্মানই হোক আমাদের সংস্কৃতি। কারণ শিক্ষক মানুষ গড়ার কারিগর—জড়বস্তু নন; অন্যের ফরমায়েশি জীবন বেঁচে থাকতে তিনি বাধ্য নন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬