কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দক্ষিণ কোরিয়াভিত্তিক রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, প্রতিবন্ধী, বৃদ্ধ, নারী ও শিশুদের চলাচলে সহায়তা দিতে ৩০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, সমাজের অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, রোডেম ফাউন্ডেশনের বিজনেস ম্যানেজার ডেভিড হালদার, প্রকল্প ব্যবস্থাপক বাবলু রুবেল এবং চিলমারী প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোরিয়ান রোডেম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ মানবিক কর্মসূচির স্থানীয় সমন্বয়ক ছিলেন মো. আতাউর রহমান।
অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী, পুরুষ ও শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চলাফেরায় দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং দৈনন্দিন জীবনযাপন সহজ হবে।
আয়োজকরা জানান, মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে রোডেম ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।