‘ব্যাচ একটাই, বন্ধুত্ব চিরকালের’—এই হৃদয়ছোঁয়া শপথে নতুন করে জেগে উঠল পুরোনো স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসার এক অনন্য মিলনমেলা।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বারহাট্টা সি.কে.পি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “এসএসসি-৯৮” ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শুক্রবার (২৯ মে) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজন রূপ নেয় এক আবেগঘন, স্মৃতিময় ও উৎসবমুখর মিলনমেলায়।
‘সি.কে.পি-৯৮’ ব্যাচের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পুরোনো সহপাঠীরা। দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে একে অপরকে পেয়ে যেন ফিরে যায় সেই কৈশোরের দিনগুলোতে—হাসি, আড্ডা আর স্মৃতির ঝাঁপিতে ভরে ওঠে পুরো পরিবেশ।
নির্ধারিত সাদা-সবুজ টি-শার্টে সেজে ব্যাচের সদস্যরা তৈরি করেন এক অভিন্ন পরিচয়ের আবহ, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রথমেই চলে প্রাণবন্ত সেলফি ও ফটোসেশন, যেখানে ক্যামেরায় ধরা পড়ে বন্ধুত্বের অনন্য মুহূর্তগুলো।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা পাঠ, গান, নৃত্য ও শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব। বন্ধুদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠান পায় আরও বেশি রঙিন ও পারিবারিক আবহ। পুরো আয়োজনে ছিল আনন্দ, আবেগ ও স্মৃতির এক অপূর্ব মিশ্রণ।
সবশেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী পর্ব, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় উৎসবের আনন্দ। দিনশেষে মিলনমেলাটি রূপ নেয় এক অবিস্মরণীয় স্মৃতিতে, যা আবারও প্রমাণ করে—বন্ধুত্ব সময়ের সীমানা মানে না।
অনুষ্ঠানটি শেষ হয় একে অপরকে আগামী দিনে আরও বড় পরিসরে মিলিত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে।
আরো জানতে চোখ রাখুন
pablicvoice24.com�






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।