পবিত্র ঈদুল আজহার আনন্দকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারও মাঠে নামল আস-সুন্নাহ ফাউন্ডেশন। বগুড়ার ধুনট উপজেলার দুটি ইউনিয়নে ৬টি ছাগল কোরবানি করে প্রায় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি, বিষ্ণুপুর, বহলগাছা ও ফরিংহাটা এলাকা এবং গোপালনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে এই কোরবানি সম্পন্ন হয়। এরপর দুই ইউনিয়নের ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে মাংস পৌঁছে দেন — যাতে কোনো অসহায় পরিবার এই ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।
কার্যক্রমটি পরিচালনায় নেতৃত্ব দেন চৌকিবাড়ী ইউনিয়ন টিমের চিফ আশেকে এলাহী শিবলী ও গোপালনগর ইউনিয়নের টিম মেম্বার নাঈম ইসলাম।
আশেকে এলাহী শিবলী বলেন, “বিগত এক বছর ধারাবাহিকভাবে আমরা সংগঠনের একাধিক মানবিক প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। দরিদ্র মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। এ কাজে ফাউন্ডেশন আমাদেরকে সবসময় যথেষ্ট সহযোগিতা করে।”
নাঈম ইসলাম বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, চলতি বছর সারা দেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৮৭৩টি স্পটে মোট ১ হাজার ৬৬৫টি গরু ও ছাগল কোরবানি করে গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন। ধুনটের এই ক্ষুদ্র প্রয়াস সেই বৃহত্তর মানবিক অঙ্গীকারেরই একটি অংশ।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।