দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতন, মাদকাসক্তি এবং অপহরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। লিখিত বক্তব্যে মোছাঃ মিনারা পারভীন অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নিয়মিতভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন।
২০২১ সাল থেকে তার স্বামী নিয়মিত মাদক সেবন করছেন এবং পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে তিনি দাবি করেন। এ কারণে সংসারে অশান্তি বৃদ্ধি পায় এবং একাধিকবার তাকে মারধর করা হয়। বিষয়টি বন্ধ করতে তিনি নারী নির্যাতন দমন আইনে পূর্বে একটি মামলাও দায়ের করেন বলে জানান।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু পরবর্তীতে সেখানে গিয়ে তার স্বামীকে জোরপূর্বক বের করে নিয়ে আসা হয়। এ সময় তাকে ও তার মেয়েকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মিনারা পারভীন দাবি করেন, পরে তার স্বামী উল্টো তাদের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ করেছেন। তবে ঘটনার সময় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রাণনাশের হুমকির অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।