ময়মনসিংহের আনন্দমোহন কলেজ
ঢাকা থেকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল সকালে নিজ বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারেক। রাজধানীর তেজগাঁও এলাকায় কাজ শেষে তিনি রাতে বাড়ির পথে রওনা হন। তবে রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিখোঁজ তারেক আজিজ ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন এবং আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
তারেকের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার বলেন, “রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্বেগ বাড়ছে। আমরা ঢাকাসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি।” পরিবারের অন্য সদস্যদের অবস্থাও একই—মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন, আর বাবা একটি ফোনকলের আশায় বারবার মোবাইল স্ক্রিনে চোখ রাখেন।
এ ঘটনায় ৩ এপ্রিল তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি তারেক আজিজের কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।