বগুড়ার ধুনটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে পাঁচ মোটরযান চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও হেলমেটসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।
এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় এবং ট্রাফিক আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী পাঁচজন চালকের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন— ধুনট উপজেলার হেউটনগর গ্রামের মোঃ ফাহাদ (২৬), পুখুরিয়া গ্রামের মোঃ আব্দুল বারী (৫৫), সোনাগাঁও গ্রামের আমিনুল ইসলাম (৬০), সারিয়াকান্দি উপজেলার মোঃ শিপন (২৫) এবং শেরপুর উপজেলার জসিম ওসমান (২৬)।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত চালকদের ভবিষ্যতে আইন প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয় এবং প্রয়োজনীয় নথিপত্র সর্বদা সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।