বগুড়ার ধুনটে শিক্ষা সফরে গিয়ে একটি বিদ্যালয়ের একাধিক ছাত্রী স্কুল পরিচালনা কমিটির সভাপতির দ্বারা হেনস্তা ও যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিষয়টি প্রকাশ্যে না আনতে ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও করেছেন তারা। ঘটনাটি এলাকায় ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী কয়েকজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২৯ জানুয়ারি ধুনট উপজেলার মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে নাটোরের গ্রীনভ্যালী পার্কে শিক্ষা সফরের আয়োজন করা হয়। সফর শেষে রাতে বাড়ি ফেরার সময় শিক্ষিকা ও ছাত্রীদের একটি বাসে এবং অন্যদের পৃথক একটি বাসে ওঠানো হয়।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান ছাত্রদের বাসে না উঠে জোরপূর্বক ছাত্রীদের বাসে ওঠেন এবং সামনের একটি সিটে বসেন। বাসে গান চলাকালে ছাত্রীদের আনন্দ-উল্লাসের সুযোগে তিনি উঠে গিয়ে নাচের ছলে একাধিক ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীরা স্কুলে ফিরে বিষয়টি শিক্ষকদের জানালে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় ঘটনাটি প্রকাশ না করতে তাদের নিরুৎসাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। পরে গত ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অভিযুক্ত সভাপতির কাছ থেকে মৌখিকভাবে ভবিষ্যতে এমন কাজ করবেন না—এমন আশ্বাস নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এত গুরুতর অভিযোগের পরও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগও তোলা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অভিযুক্ত সভাপতির অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এতে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
অভিভাবকরা দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।