কুমিল্লার বুড়িচং উপজেলার ০৮ নং ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এডভোকেট তাজুল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা জেলা জামায়াতে ইসলামী উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন কংশনগরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীর নাম ঘোষণা করেন।
ইউনিয়নের অন্যতম প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র কংশনগরে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আসন্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রার্থী ঘোষণার এই বিশেষ সভায় জামায়াতে ইসলামীর তৃণমূল, বুড়িচং উপজেলা এবং কুমিল্লা জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা ভারেল্লা উত্তর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজের পরিধি বিস্তারে এডভোকেট তাজুল ইসলামকে একজন যোগ্য ও আদর্শবান প্রার্থী হিসেবে উল্লেখ করেন।
এডভোকেট তাজুল ইসলামকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পেয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূলের কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলটির স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনের মাধ্যমে তারা এই ইউনিয়নে বিজয়ী হবেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।