বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সবেল প্রামানিকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে ওই কিশোর শিশুটিকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন এক কলাবাগানে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত কিশোর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শিশুর পরিবার বিষয়টি টের পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৩০ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃত কিশোরকে বগুড়া আদালতে তোলা হলে, বয়স বিবেচনায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।