কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ রেলস্টেশনে শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কিশোরগঞ্জ রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবু সুফিয়ান হত্যার দ্রুত বিচার এবং জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
নিহত আবু সুফিয়ান কিশোরগঞ্জ সদর উপজেলার ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়নের বাদে কড়িয়াইল গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু তাহেরের ছেলে। তিনি ঢাকা পল্লবী সরকারি কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ২৯ জানুয়ারি রাতে ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে ভৈরব রেলস্টেশনে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভৈরব এলাকায় যাত্রীদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য নিরাপদ বিকল্প (বাইপাস) সড়ক ব্যবস্থার দাবিও তোলেন তারা।
এদিকে মানববন্ধন ও রেলপথ অবরোধের কারণে দুপুর ১২টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা এগারো সিন্দুর গোধুলি ৭৫০ নম্বর ট্রেনটি আটকা পড়ে। এতে ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
ট্রেনটিতে আটকা পড়া এক যাত্রী বলেন, আজ আমার একটি পরীক্ষা রয়েছে। কখন ট্রেন ছাড়বে জানি না। সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
আরেক যাত্রী বলেন, ট্রেনে আমার একজন রোগী রয়েছে। তাকে বাজিতপুর জহিরুল ইসলাম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। কিন্তু রোগী নিয়ে ট্রেনেই বসে আছি—কখন ট্রেন ছাড়বে জানি না। হত্যার বিচার আমরা সবাই চাই, কিন্তু সাধারণ মানুষ কী অন্যায় করেছে? তাদের ভোগান্তিতে ফেলা দুঃখজনক।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম জানান, শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যাকাণ্ডে ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন আসিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
এই হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আবু সুফিয়ান ন্যায়বিচার পাবে—এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করছি।
ক্যাপ্টেন আসিফের আশ্বাসের পর শিক্ষার্থীরা মানববন্ধন ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।