বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (২১ জানুয়ারি) তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন—এমন অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশকে অবহিত করেন বলেও জানান তিনি।
এ ঘটনায় হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামকে।
স্থানীয়দের ধারণা এটি একটি উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড।
পার্বতীপুর থানা জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।