বগুড়ার ধুনটে জমি-জমা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থাতেই জোসনা বেওয়া (৫৪) নামে এক বিধবা নারীকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার সম্পত্তিতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন—আব্দুল কুদ্দুস তালুকদার (৬৫), চঞ্চল তালুকদার (৪৫), আব্দুল লতিফ তাং (৪৬) ও আব্দুল হামিদ (৪২)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জোসনা বেওয়ার স্বামী মৃত শাজাহান আলীর পৈতৃক সম্পত্তির ভোগদখল নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যা নিয়ে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (১৮৮ পি/২০২৬, ধুনট) বিচারাধীন রয়েছে।
আদালতের নির্দেশে বিচারাধীন মামলার তদন্তের অংশ হিসেবে গত ১০ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসের দুই সার্ভেয়ার বিরোধপূর্ণ জমি মাপজোখ করে চলে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত চারজন ঘটনাস্থলে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া তার জমিতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
জোসনা বেওয়া বলেন, জমি নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন থাকা অবস্থায়ই আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ বলেন, অভিযোগটি সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত চারজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।