বগুড়ার ধুনটে যুবদল নেতার দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নিজ এলাকা থেকে তাকে আটকের পর শনিবার (১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রফিকুল ইসলাম (৩৬) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাকসাপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, গত বছরের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। ঘটনার দুই দিন পর ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তকালে রফিকুল ইসলামের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।