‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতমাথা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে শহিদ টিটু মিলনায়তনে জুলাই শহিদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক এবং সিভিল সার্জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। এ সময় জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহিদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।