বগুড়ার ধুনটে প্রকাশ্যে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইটের আঘাতে মাথা থেঁতলে দেওয়া হয় ওই সাংবাদিকের। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম গোলাম রব্বানী (৪৮)। তিনি দৈনিক নববাণী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি এবং ধুনট প্রেসক্লাবের সদস্য। তিনি স্থানীয় পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আল আমিন (৩৮) পেশায় একজন ট্রাকচালক। এই পেশার আড়ালে দেশের বিভিন্ন জেলার মাদক সিন্ডিকেটের সঙ্গে তার গভীর সখ্যতা গড়ে ওঠে। সে দীর্ঘদিন ধরে গোসাইবাড়ি বাজার এলাকায় প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিল।
সোমবার সকালে আমতলা চারমাথা এলাকায় আল আমিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখে সাংবাদিক গোলাম রব্বানী মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে ইটের আঘাতে মাথা থেঁতলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক রব্বানীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। একই সময়ে উপস্থিত জনতা ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী আল আমিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। আটক আল আমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৯ জুন) সকালে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই হামলার খবর ছড়িয়ে পড়লে ধুনটসহ বগুড়া জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আহত সাংবাদিক গোলাম রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।