জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) আনুমানিক সকাল ১১:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং আধুনিক ল্যাব ওয়ান নামে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদনপত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।
মোবাইল কোর্টে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী উক্ত দুই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বরাতে জানা যায়, জনসাধারণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম, প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এদিকে সচেতন মহল এ ধরনের অভিযানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেছে, নিয়মিত তদারকি ও আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে রোগীদেরও চিকিৎসা গ্রহণের আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।