বগুড়ার ধুনট উপজেলায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, দুইজনকে আহত করা, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৩০ মে শুক্রবার দুপুরে উপজেলার হেউটনগর বড়বাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর আনুমানিক একটার দিকে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করে। বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলাকারীরা সহিংস আক্রমণ চালায়।
ভুক্তভোগী কামরুজ্জামান (৪২) জানান, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। এতে তার ডান হাত ও আঙুল গুরুতরভাবে জখম হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ক্ষতস্থানে চারটি সেলাই দেন। একই হামলায় তার চাচা আব্দুর রাজ্জাকও আহত হয়েছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় আব্দুর রাজ্জাকের পকেট থেকে নগদ ৮ হাজার ৩০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২৫ হাজার টাকার সম্পদ বিনষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী মহলের সাথে সংশ্লিষ্ট এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওসমান গণি বলেন, *”আহত ব্যক্তি একটি লিখিত এজাহার দাখিল করেছেন। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”*






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।