ভারতের মাটিতে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত। হরমুজ প্রণালি ও পরমাণু অস্ত্র নিয়ে বড় কোনো সমঝোতার অপেক্ষায় বিশ্ব।
চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারত অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দিল্লিতে গতকাল রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে দীর্ঘদিনের চলমান অস্থিরতা নিরসনে শান্তিচুক্তি নিয়ে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। দিনের শেষ নাগাদ এ বিষয়ে ‘সুসংবাদ’ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে রুবিও বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো সুখবর আসতে পারে। এই সম্ভাব্য শান্তিচুক্তি কেবল হরমুজ প্রণালি নিয়ে চলমান উদ্বেগই নিরসন করবে না, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন পথের সূচনা করবে—যেখানে আর কোনো পারমাণবিক ভীতি থাকবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েল ও এই অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ইরানের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রস্তাবিত এই সমঝোতার অন্যতম শর্ত হিসেবে ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলেছিলেন। যদিও তেহরান শুরু থেকেই এমন দাবি জোরালোভাবে নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্ব বজায় থাকবে। এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।