আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলেও আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের অনুপস্থিতিকে জাতির জন্য অপমানজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিশ্বকাপ শুরুর দিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। কিন্তু দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি পুরো জাতিকেই অপমান করা হয়েছে। তিনি মনে করেন, লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে দেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরাই, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা ও দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না।”
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমীর বলেন, “দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে—গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেক ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষ পোস্টটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।