বগুড়ার ধুনটে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ি দারুল হুদা কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির তালুকদার (স্বরণ)সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ হাতে মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করেন। এ সময় নেতৃবৃন্দ ভবিষ্যতে গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়, যাতে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিয়ে তাদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।