বগুড়ার ধুনট উপজেলায় এক কাতারপ্রবাসীর স্ত্রীর বাড়িতে দিনদুপুরে সশস্ত্র হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী নারী ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।
চিকাশী ইউনিয়নের ঝিনাই দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও কাতারপ্রবাসী শাকিলের স্ত্রী মোছা. সাবিনা খাতুন (৩০) জানান, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে একই গ্রামের নাজমুল হক, তার বাবা হানজেলা, মা নাজমা খাতুন ও বোন আঞ্জুয়ারা খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে।
সাবিনা খাতুনের অভিযোগ, ঘটনার সময় তিনি চার বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে ঘরের ভেতরে ছিলেন। অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে গলার প্রায় ১২ আনি ওজনের স্বর্ণের চেইন এবং ঘরে রাখা ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাকে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে একটি কক্ষে আটকে রেখে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. ওসমান গণি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, স্বামী বিদেশে থাকায় অসহায় এই নারীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।