বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে রঞ্জন চৌধুরী নামের এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ১০৫ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইড় মাছ। মঙ্গলবার (১০ মার্চ) ভোরের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের আওলাকান্দি ঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। গত কয়েক দশকের মধ্যে যমুনার এই অংশে এত বড় মাছ আর ধরা পড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে যান জেলে রঞ্জন চৌধুরী। ভোরের আলো ফুটতেই তার বড়শিতে বিকট এক টান লাগে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পানির উপরে ভেসে ওঠে বিশালকার এক বাঘাইড়। মাছটির ওজন ও শক্তি এতই বেশি ছিল যে, একা ডাঙায় তোলা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় মাছটি তীরে আনা হয়।
বিশাল এই মাছ ধরা পড়ার খবর মুহূর্তেই ধুনট উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা একনজর মাছটি দেখার জন্য আওলাকান্দি ঘাটে ভিড় জমাতে শুরু করেন। অনেককে মাছটির সাথে সেলফি তুলতেও দেখা যায়। এলাকার প্রবীণ বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, “বিগত ৪০ বছরে এই এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা আমি শুনিনি। এটি আমাদের জন্য বিরল এক দৃশ্য।”
মাছটির ওজন বেশি হওয়ায় এককভাবে কেউ তা কিনতে পারেননি। পরে জেলে রঞ্জন চৌধুরী মাছটির মূল্য ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করেন। স্থানীয় বাসিন্দারা মিলে মাছটি ভাগাভাগি করে কিনে নেন। মাওলানা মাহমুদুল হাসান নামের এক ক্রেতা জানান, প্রতি ৭৫০ গ্রাম ওজনের এক একটি ভাগ এক হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। মাছটির স্বাদ নেওয়ার জন্য অনেকেই লাইন দিয়ে নিজেদের ভাগ সংগ্রহ করেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।