রাজধানী ঢাকায় বসবাসরত ধুনট উপজেলার মানুষের মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ট্যাংকার ফুড কোর্ট এলাকায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ঢাকায় অবস্থানরত ধুনট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় অংশগ্রহণকারীদের জন্য বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি ও মিষ্টি দই পরিবেশন করা হয়, যা উপস্থিতদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুর জামান বকুল বলেন, ঢাকায় বসবাসরত ধুনট উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার লক্ষ্যেই প্রতিবছর এমন মিলনমেলার আয়োজন করা হয়। তিনি জানান, গত প্রায় এক দশক ধরে এই ইফতার মাহফিলের আয়োজন ধারাবাহিকভাবে করে আসছে সংগঠনটি।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য এস এম আরিফুল আমিন বলেন, ব্যস্ত নাগরিক জীবনের মাঝেও রমজানে একদিন ধুনটবাসীরা একত্রিত হতে পারা আমাদের জন্য আনন্দের। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও ঐতিহ্যকে আরও দৃঢ় করে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং এলাকার প্রতি ভালোবাসা জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ইফতার মাহফিলে রায়হান শেখ, শিহাব উদ্দিন, আমরিন হোসাইন, সত্যজিৎ রায় রনি, খন্দকার সুলতান আহমেদ, আরিফিন ইসলাম, গোলাম মোস্তফা, সাদেকুল বাশার, আব্দুল হামিদ, হাবিব হাসান মোহন, তানভীর, মোশাররফ হোসেন, মেহেদী হাসান, মৃদুল হাসান, কাউসার আহমেদ, আবু সায়েদ, খালিদ হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।