জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন—ইউএন-কপস (UNCOPS V)—এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ১২ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের ইউএন-কপস সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এই তিনটি বিষয়ে প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাঁদের মধ্যে রয়েছেন অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিংবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দুই দিনব্যাপী এ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধিদলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।