দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই ময়মনসিংহের গৌরীপুরে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি ভারী বস্তু দিয়ে মুখ থেঁতলে দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে শোক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি ছড়িয়ে পড়েছে।
নিহত মোহাম্মদ আলিফ আহমেদ (২৫) ঠাকুরগাঁও পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার মরহুম গোলাম মোস্তফার দ্বিতীয় পুত্র। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২৫ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা আলিফকে হত্যা করে। অভিযোগ রয়েছে, প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, পরে ইট বা হাতুড়ি জাতীয় ভারী বস্তু দিয়ে তার মুখ থেঁতলে দেওয়া হয়।
নিহতের শৈশবের বন্ধু শরিফুল ইসলাম শরিফ বলেন, আলিফ অত্যন্ত ভদ্র, অমায়িক ও সবার প্রিয় মানুষ ছিলেন। তিনি কোনো ধরনের মাদক বা জুয়ার সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।
পরিবার জানায়, আলিফ স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর শোকাহত।
হত্যার প্রকৃত কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। তবে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড জনমনে প্রশ্ন তুলেছে—সাধারণ মানুষের জীবন কতটা নিরাপদ? অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা, দ্রুত তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা মনে করেন, আইনের শাসন দৃশ্যমানভাবে নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণই জনআস্থা পুনরুদ্ধারের একমাত্র পথ।
মহান আল্লাহ তাআলার কাছে মরহুম মোহাম্মদ আলিফ আহমেদের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।