বগুড়া, ২০ এপ্রিল ২০২৬ (সোমবার): বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারিক রহমান।
আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নবনির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন হয়। একই কর্মসূচিতে বিচার ব্যবস্থার আধুনিকীকরণের অংশ হিসেবে ই-বেইল (e-bail) কার্যক্রমও চালু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আইনজীবীদের প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
নবনির্মিত এই ভবনটি বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়। আদালত প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবন নির্মাণের ফলে আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনা সহজতর হবে এবং বিচারপ্রার্থীদের সেবাও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় বিচারক, আইনজীবী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বগুড়া উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। নতুন এ ভবন উদ্বোধনের মাধ্যমে জেলার বিচারিক অবকাঠামো আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।