গোদাগাড়ী: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বিশেষ মানবিক কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। আজ সকাল ১০টায় উপজেলার কদম শহর হাই স্কুল মাঠে সংগঠনের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ঈদ সামগ্রী-২০২৬’ বিতরণ করা হয়।
গণ অধিকার পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা আহ্বায়ক মোঃ শাহাবুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদস্য সচিব মোঃ সেলিম রেজা এবং বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলমগীর হোসেন বাবু।
সকাল থেকেই কদম শহর হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সমাগম ঘটে। সুশৃঙ্খলভাবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও সেমাই-চিনি সম্বলিত ঈদ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে মোঃ শাহাবুদ্দীন বলেন, “গণ অধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। ঈদের এই পবিত্র ক্ষণে আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত জনসেবা।”
বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বাবু বলেন, “কদম শহরসহ পুরো গোদাগাড়ী উপজেলায় আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন অভাবমুক্ত হয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল সার্থকতা।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।