গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২১ কেজি গাঁজাসহ এক অটোচালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোমাগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আব্দুর রহিম (৩৯)। তিনি ফুলবাড়ী উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে একটি মাদকের চালান সুন্দরগঞ্জ এলাকায় প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে রংপুর বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় একটি অভিযানিক দল গঠন করা হয়। পরে দলটি সুন্দরগঞ্জ থানাধীন চন্ডিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উজান বোমাগাড়ী এলাকায় অবস্থান নেয়।
এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচে থাকা বক্সের ভেতর টেপ মোড়ানো কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ২১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থলেই ডিজিটাল স্কেলের মাধ্যমে এর ওজন নিশ্চিত করা হয়।
এছাড়া অভিযানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
মামলার এজাহারকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিন, যিনি রংপুর ‘ক’ সার্কেলের দায়িত্বে রয়েছেন। অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও অংশ নেন।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।