বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চিকাশী ইউনিয়নের পার লক্ষ্মীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ইমা করিম (৪৮) এবং মৃত সুরুজ্জামানের ছেলে শাকিল (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাঝবাড়ী গ্রামে জনৈক মো. এরশাদের বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইমা করিমের কাছ থেকে ৭০ পিস এবং শাকিলের কাছ থেকে ১০ পিসসহ মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৮ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করে বাকিগুলো জব্দ ও সিলগালা করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।