ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নর মজলিশপুর গ্রামে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মজলিশপুর গ্রামে মরহুম তাজউদ্দীন চেয়ারম্যানের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে তাজউদ্দীন চেয়ারম্যান ফাউন্ডেশন।
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখা এবং গ্রামের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়া তাজউদ্দীন চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর পবিত্র রমজান মাসে দারিদ্র্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এলাকাবাসী জানান, ফাউন্ডেশনের এসব কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে।
গ্রামবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তাজউদ্দীন চেয়ারম্যান ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।