বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে নিজ শয়নকক্ষে প্রবেশ করে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৯) যৌন নিপীড়নের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই (২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে ওই গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভুক্তভোগীর স্বামী মমিন মিয়া স্থানীয় একটি পিকনিকের রান্নার কাজে গ্রামের নাছিমের দোকানের কাছে অবস্থান করছিলেন।
অভিযোগে বলা হয়েছে, রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিনিষ্টার (৩০) কৌশলে ঘরের দরজার ছিটকানি খুলে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ওই গৃহবধূকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিপীড়ন চালান।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে শ্বশুর মো. আনিছার রহমানসহ পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তিনি নিজের ব্যবহৃত একটি গেঞ্জি, এক জোড়া স্যান্ডেল এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন (নম্বর: ০১৭৭৪-০৫৫৬৯৪) ঘটনাস্থলেই ফেলে রেখে যান। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্তকে ধাওয়া করলেও তিনি নিজ বাড়িতে ঢুকে আত্মগোপন করেন।
পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন এবং স্বজনদের সাথে আলোচনা করে আইনের আশ্রয় নেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, ফেলে যাওয়া আলামত জব্দ করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান,
অভিযোগের ভিত্তিতে মিনিষ্টার নামের ওই যুবককে একমাত্র আসামি করে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।