ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম তাহসিন আহমেদ ফারহা। তিনি আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম মিয়ার মেয়ে।
রোববার (আজ) সকালে কলেজপাড়ার টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকায় ফারহার পিতার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ফারহার বিয়ে হয় মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে মো. মতিন মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। ফারহা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গতকাল শনিবার স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তিনি পিতার বাড়িতে চলে আসেন। পরদিন সকালে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধাতুরপহেলা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর মিয়া জানান, সকালে মতিন মিয়াকে স্ত্রীর অসুস্থতার কথা বলে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। এ সময় তাকে মারধরের ঘটনা ঘটে এবং পুলিশে দেওয়ার চেষ্টা করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।