বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. হাসনা হেনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিভাবক ও এলাকাবাসীর একটি প্রতিনিধিদল সুষ্ঠু তদন্তের দাবিতে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ধুনট ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষিকা নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো, স্কুল ড্রেস বাইরে বিক্রি, সার্টিফিকেট ও অনুষ্ঠানের নামে অর্থ আদায়সহ উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এছাড়া বিদ্যালয়ের গাছ কেটে ব্যক্তিগত আসবাবপত্র তৈরির অভিযোগও উঠেছে।
ধুনট ইউএনও মো. আরিফ উল্লাহ নিজামী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা জাহান বানু জানান, তদন্তের দায়িত্ব সহকারী শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
অভিযুক্ত প্রধান শিক্ষিকা হাসনা হেনা অভিযোগ অস্বীকার করে বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, আমার সুনাম ক্ষুণ্ন করতেই এসব করা হয়েছে।
তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, প্রতিবেদন প্রকাশের পরই অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।




এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।