দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া ও পেকুয়ার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সংগঠনটির উদ্যোগে চকরিয়া ও পেকুয়ার দুর্গম বন্যাকবলিত এলাকায় ১০০টি পরিবারের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পানি কিছুটা কমলেও এখনো এসব এলাকার মানুষের দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
ত্রাণ কার্যক্রম নিয়ে অ্যাসোসিয়েশনটির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে চকরিয়ার বরইতলী, কাকারা এবং পেকুয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে পেরেছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস বাস্তবায়ন করতে পেরে আমরা স্বস্তি ও তৃপ্তি অনুভব করছি।আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা আরও সহজ হবে। ‘
তিনি আরো বলেন, ‘আমাদের মানবিক উদ্যোগে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করেছেন এবং বিশেষ করে চকরিয়া ও পেকুয়ার স্থানীয় স্বেচ্ছাসেবীরা যেভাবে আমাদের পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।