সাইবার সুরক্ষা আইনে মামলা
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, হিসাব সংবলিত খাতা ও অনলাইন জুয়ার স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর আওতায় মামলা দায়ের করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ১ জুন রাত ৮টা ১৫ মিনিটের দিকে রামগড় থানার এসআই মোঃ আব্দুল মান্নান মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালান। ক্যজাই মারমা (৩৯) এর বসতঘরে অনলাইন পোর্টালের মাধ্যমে জুয়া খেলা চলছে এমন সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে ক্যজাই মারমাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ক্যজাই মারমা স্বীকার করেন, তিনি একটি OPPO স্মার্টফোন ব্যবহার করে `shillongteerground.com` ও `teernightindia.com` নামের অনলাইন পোর্টালের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগসাজশে অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় অংশ নিতেন।
অভিযানে ঘটনাস্থল থেকে একটি OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি Symphony বাটন ফোন, জুয়ার হিসাব লেখা একটি খাতা এবং অনলাইন জুয়ার স্ক্রিনশট জব্দ করা হয়। জব্দকৃত খাতার ২৯টি পাতায় বিভিন্ন তারিখ ও টাকার অঙ্ক লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম জানান, এ ঘটনায় থানায় এফআইআর নং-১, তারিখ ২ জুন ২০২৬, জিআর নং-১৬ মূলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ২০/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।




এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।