পবিত্র ইদুল-আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও বসবাসরত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে কোরবানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটি এবার ৮টি গোরু ও ২টি খাসি কোরবানির ঘোষণা দিয়েছে।
আজ বুধবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোরবানির জন্য এসব পশু ক্রয় করেন। সংগঠনটির নেতারা জানান, ইদের দিন কোরবানির মাংস ক্যাম্পাসসংলগ্ন এলাকার অসচ্ছল ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি ঈদের সময় ক্যাম্পাস ও শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যও নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ইদের দিন রাতে চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে একটি রেস্টুরেন্টে ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া ইদের পরদিন রাতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হবে ব্যতিক্রমধর্মী ‘আইয়্যো ঈদ’র গোস্ত হাই’ শীর্ষক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, অনেক শিক্ষার্থী পরীক্ষা এবং নানাবিধ সমস্যার কারণে পরিবারের সাথে ইদ করতে পারেন না। তাদের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন।
সংগঠনটির সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, মুসলিম কিংবা অমুসলিম শিক্ষার্থী, স্টাফ এবং ক্যাম্পাসের আশেপাশে যে-সব মানুষ কোরবানি দেয়নি তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইদের দিন রাতে যে-সব শিক্ষার্থী শহরে অবস্থান করেন তাদের জন্য, ইদের পরের দিন রাতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন রয়েছে এবং ক্যাম্পাসের আশেপাশে যারা কুরবানি দেয়নি, তাদের মধ্যেও গোশ্ত বণ্টনের উদ্যোগ নিয়েছি।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।