চবি ছাত্রীকে সাইবার বুলিং ইস্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামি ছাত্রশিবিরের এক কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর সংগঠনটির সঙ্গে তার সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রশিবির। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করে ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছে সংগঠনটি।
গতকাল রবিবার (২৪ মে) রাতে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্রাব্য ও অশালীন ভাষায় যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
আরো বলা হয়, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারী শিক্ষার্থী আলী আহসান মুজাহিদের কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি প্রকশ্যে আনেন। উক্ত পোস্টে প্রদত্ত স্ক্রিনশটগুলোতে দেখা যায় আলী আহসান মুজাহিদ খুবই কুরুচিপূর্ণ, অশালীন ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন। যা সভ্য সমাজে অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়।
শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন, সৎ, মানবিক ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। কিন্তু আলী আহসান মুজাহিদ যে শব্দচয়নে মন্তব্য করেছেন তা ছাত্রশিবিরের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এমন হীন কর্মকাণ্ডের কারণে আলী আহসান মুজাহিদের সাথে ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হলো।
সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, আলী আহসান মুজাহিদের এহেন অপরাধের যথাযথ বিচার নিশ্চিতে ইসলামী ছাত্রশিবির সার্বিক সহযোগিতা প্রদান করবে। উক্ত ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
বিজ্ঞপ্তির বিষয়ে দুপুর সোয়া ২টায় মুঠোফোনে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, আসলে ওই ব্যক্তি আমাদেরই কর্মী কিন্তু দীর্ঘদিন যাবত নিষ্ক্রিয় হওয়ায় আরো কিছু সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। তার বিশেষ কোনো দায়িত্ব বা পদ-পদবি নেই, যে কারণে তাকে আমরা বহিষ্কার করব। তাই বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের ছাত্রশিবিরের সব নেতৃবৃন্দকে জানিয়ে দেওয়া হয়েছে তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। সবকিছু বিচ্ছিন্ন।
অন্যদিকে একই বিজ্ঞপ্তিতে অভিযুক্তের যথাযথ বিচার চেয়েছে চবি ছাত্রশিবির। এ প্রসঙ্গে তিনি বলেন, আইন মেনে ভিক্টিম ওই নারী নিজেই বিচার চাইবে, তবে ভিক্টিমের কোনো সহযোগীতা বা হেল্প লাগলে চবি ছাত্রশিবির সেই সহযোগিতা করবে।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।