ময়মনসিংহে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দৈনিক বর্তমান বাংলার ফটো সাংবাদিক মোঃ সোহেল মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার (৩ মে) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগসংবলিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে সাংবাদিক সোহেল মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। ঘটনার পর সাংবাদিক সোহেল মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসান, দালাল আনিসুর রহমানসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি তোলেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বর্তমান বাংলা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ও দি প্রেস ক্লাব অব ময়মনসিংহ কো-অপারেটিভ সোসাইটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আমিনূর ইসলাম রাব্বি। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, দি প্রেসক্লাব অব ময়মনসিংহ কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন, কাগজের আলো’র সম্পাদক বিল্লাল হোসেন মানিক, সাংবাদিক মোঃ কামাল হোসেন, সাংবাদিক রাসেল ফকির, দৈনিক আজকালের কণ্ঠের বিভাগীয় প্রতিনিধি জামাল উদ্দিন, ময়মনসিংহ প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল হক ছোটন, সাংবাদিক শরত সেলিম, মোরশেদ কামাল মিজান, মিজান তালুকদার, সাজ্জাদ সেলিম, আব্দুস সাওয়ার, দিন ইসলাম, সাদিয়া, সুমি, নজরুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম শাওন, সোহাগ, রিক্তা আক্তারসহ আরও অনেকে। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৫২ জন সাংবাদিক এবং হামলার শিকার সাংবাদিক সোহেল মিয়ার পরিবারের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।