ভোলায় পর্ন কনটেন্ট তৈরির ৫ সদস্য গ্রেপ্তার, ১২ মোবাইল জব্দ
ভোলায় টেলিগ্রামভিত্তিক অশ্লীল কনটেন্ট বাণিজ্য ও সাইবার ব্ল্যাকমেলের সঙ্গে জড়িত থাকার অপরাধে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে অপরাধ চক্রে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান।
এরআগে, গেল রোববার দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মেরাজুর রহমান আরমান (২১) MARCO (ছদ্মনাম), বিল্লাল হোসেন (২১) RDX PROFESSOR (ছদ্মনাম), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম (১৯) এবং হাসিব (২৩)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অশ্লীল কনটেন্ট বিক্রি, সাইবার ব্ল্যাকমেল এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত। টেলিগ্রামের গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট সরবরাহ করা হতো।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, সম্পর্ক বিচ্ছেদের পর ব্যক্তিগত ছবি সংগ্রহ কিংবা শত্রুতার জেরে গোপন তথ্য ফাঁস করে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে প্রায় দেড় লাখ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে তারা এই অবৈধ কার্যক্রম চালাত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।