পাইন্দংয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৮
উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (সন্ধ্যা) পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯), নাহিন (২০) এবং স্থানীয় বাসিন্দা ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিরসনের লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।
ছাত্রদল নেতা রিয়াদ অভিযোগ করেন, সমঝোতার কথা বলে তাদের ডেকে এনে হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
তবে বিএনপি নেতা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছাত্রদলের কিছু সদস্য মাদক ও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডে জড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী জানান, পাইন্দং এলাকায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিরোধ রয়েছে। তবে বৈঠকে ঠিক কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত নন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।