বগুড়ার ধুনট উপজেলায় ভাতিজার ক্রয়কৃত জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জেলা ও স্থানীয় জামায়াত নেতাদের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের বাসিন্দা ও আতাউর রহমানের ছেলে। তার অভিযোগ, অলোয়া গ্রামের মৃত আফজাল হোসেন সরকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির আকবর হোসেন দীর্ঘদিন ধরে তার এক বিঘা ফসলি জমি অবৈধভাবে দখলে রেখেছেন।
জানা যায়, মোস্তাফিজুর রহমান তার পিতার কাছ থেকে বৈধভাবে জমিটি ক্রয় করেন। দলিল ও কাগজপত্রে মালিকানা তার হলেও জমিটি তিনি ভোগদখলে নিতে পারছেন না।
মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ছয় মাস আগে তিনি জেলা জামায়াতের আমির আব্দুল হকের কাছে শালিসি বিচারের জন্য লিখিত আবেদন করেন। সে সময় ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি। অভিযোগ করার পর থেকেই অভিযুক্ত জামায়াত নেতা আকবর হোসেন ও তার দুই মেয়ে জামাই বিভিন্ন সময় হুমকি-ধামকি ও জীবননাশের ভয় দেখাচ্ছেন বলে দাবি করেন তিনি। এতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান ভুক্তভোগী।
অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন বলেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি। মোস্তাফিজুর রহমানের বাবা তার দখলীয় জমি অন্যের নামে দলিল করে দিয়েছেন। জমির বদলে সমমূল্যের জমি পেলে তিনি জমিটি ছেড়ে দিতে রাজি আছেন।
এ বিষয়ে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হক বলেন, বিষয়টি তিনি অবগত রয়েছেন। দ্রুত সমাধানের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সাংগঠনিক দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায় শিগগিরই বিষয়টির সমাধান হবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।