কুড়িগ্রামে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথের নিয়োগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মহলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পাচ্ছে।
বিভিন্ন পক্ষের অভিযোগ, অন্নপূর্ণা দেবনাথের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা এবং ফ্যাসিস্ট সরকারের সময় প্রভাবশালী প্রশাসনিক দায়িত্ব পালন করার ইতিহাস রয়েছে। তাঁদের মতে, এমন বিতর্কিত পটভূমির একজন কর্মকর্তার হাতে জেলা প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার দায়িত্ব থাকা প্রশাসনিক নিরপেক্ষতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক।
নিয়োগের পরপরই একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রকাশ্য অভিনন্দন ও উচ্ছ্বাস নতুন করে প্রশ্নের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব হিন্দু মহাজোটের এক নেতার দেওয়া অভিনন্দনমূলক পোস্ট বিষয়টিকে আরও আলোচিত করে তোলে, যা জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
একই ব্যক্তি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকায় আসন্ন নির্বাচন নিয়েও অনাস্থা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তিনি ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ এবং ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের দাবি, রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো ব্যক্তির হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
বিক্ষুব্ধ পক্ষগুলো স্পষ্টভাবে জানিয়েছে, জনআস্থা ফিরিয়ে আনতে এবং নির্বাচনকে নিরপেক্ষ রাখতে হলে অন্নপূর্ণা দেবনাথকে উভয় পদ থেকে দ্রুত সরিয়ে দিতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।