দিনাজপুরের দশমাইল হাইওয়ে মহাসড়কে নতুন ভুষিবন্দরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরগামী ছিল। বাসটি দিনাজপুরের নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের পিলারে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তেই বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা পথচারী ও স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে আসে।
দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা জানান, এ দুর্ঘটনায় মোট ১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের এক শিশু মারা যায়। বর্তমানে ১৩ জন আহত বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
নিহত শিশুটির নাম তাইফ। সে বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের সন্তান।
প্রাথমিকভাবে আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন— আরমান, শুভ, শাহজাহান তিলক, উজ্জ্বল, রিয়াজুল, নজরুল ইসলামসহ আরও কয়েকজন নারী ও পুরুষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দিনাজপুর নতুন ভুষিবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশু নিহত, আহত ১৩
বাছাইকৃত
থেকে আরও পড়ুন





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।