জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় ‘কবিতায়, কথায় ও গানে স্মরণ—আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’—এই প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, জীবনাদর্শ, সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের চেতনা নিয়ে আলোচনা করেন বেতার ও টিভি শিল্পী এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. দিলবাহার খান, আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠীর রামপুর শাখার সভাপতি মো. আবুল বাসার তালুকদার, কবি, শিল্পী ও গীতিকার মো. শাহাবুল কাদির ভূঞা এবং কবি ও লেখক মো. জহিরুল হক খান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ও গীতিকার এম এ আকবর, কবি মারুফ ও সাংবাদিক, হুমায়ুন কবির রিটন। সংগীত পরিবেশন করেন শিল্পী অলি উল্লাহ, ফজলু ফকিরসহ স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, চারণ সাংবাদিক ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এবং কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের সদস্য কোহিনূর আলম।
আয়োজকরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও তাঁর সাম্য, মানবতা, প্রেম এবং বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ স্মরণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।