সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) ও যুগ্মসচিব জনাব রুবাইয়াৎ-ই-আশিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর জনাব আজিজ ফেরদৌস, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ শাহজামান হক, মোটরযান পরিদর্শক জনাব রাসন চাকমা এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট জনাব মোঃ সাজেদুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং দায়িত্বশীল মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
আলোচনায় নিরাপদ সড়কের গুরুত্ব, গাড়িচালকদের স্বাস্থ্যগত ঝুঁকি, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের বিষয় উঠে আসে। বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবী গাড়িচালকরা অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সড়ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।