দুজনেরই নারীসংশ্লিষ্ট জটিলতা
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফকে পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এবং একই সাথে আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম উদ্দিনকেও শোকজ করা হয়েছে।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত আব্দুল্লাহ আল সাকিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরো বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্রদল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অবস্থান স্পষ্ট করেছে।
কারণ দর্শানোর নোটিশ
শামিম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
এ ঘটনায় ইতোপূর্বে পাবলিকভয়েস২৪.কম একটি সংবাদ পরিবেশন করেছিল। যার শিরোনাম ছিল চবিতে ‘ব্যক্তিগত নিরাপত্তা’ চেয়ে প্রক্টর অফিসে অভিযোগ দিলেন এক নারী শিক্ষার্থী।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।