ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সারাদেশে চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকাগুলোতে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অংশ নেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে অনেক রোগ-জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, জনগণের সচেতন অংশগ্রহণও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকারি অফিস-আদালতসহ সব স্থানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।