চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে ‘গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সামিট অনুষ্ঠিত হয়।
সামিটের উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এসময় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন জানিয়ে বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের নাম নয়; প্রকৃত শিক্ষা তখনই অর্জিত হয়, যখন তা মানুষের আচরণ ও চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনে। কোনো শিক্ষাক্রম সম্পন্ন করার পর যদি একজন মানুষের আচরণে পরিবর্তন না আসে, তাহলে সেই শিক্ষা প্রকৃত অর্থে সফল হয় না। তাই পরিবেশ শিক্ষা এমন এক শিক্ষা, যা মানুষের জীবনযাপন, মূল্যবোধ ও দায়িত্ববোধকে পরিবর্তনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে শেখায়।
তিনি বলেন, উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করে ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলা কখনোই গ্রহণযোগ্য নয়। পরিবেশের বিরুদ্ধে অবস্থান নিলে প্রকৃতি একসময় তার কঠোর প্রতিক্রিয়া দেখায়। তাই প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থান নিশ্চিত করতে হবে।
প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় শুধু বিজ্ঞান, প্রযুক্তি বা নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়। কার্যকর পরিবর্তনের জন্য মানুষের আচরণ ও চিন্তাধারার পরিবর্তন অপরিহার্য। এই লক্ষ্যেই ‘গ্রিন ফিলোসফি’ ধারণা তুলে ধরা হয়েছে। এটি এমন একটি দর্শন, যা মানুষের সঙ্গে পরিবেশের ইতিবাচক ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তুলতে চায়। কারণ মানুষের আচরণ যদি পরিবেশবান্ধব না হয়, তাহলে কোনো নীতি, প্রযুক্তি বা বৈজ্ঞানিক উদ্যোগই দীর্ঘমেয়াদে সফল হবে না।
এসময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহিদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসপিয়া।
এসময় আরও উপস্থিত সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, অন্যান্য শিক্ষকবৃন্দ, ইপসার প্রতিনিধি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না ও উর্মী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।