গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রদীপ কুমার বাবলু (৫৭) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমার বাবলু ওই গ্রামের প্রয়াত সন্তোষ কুমারের ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতা এবং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে প্রদীপ কুমার বাবলু নিজের বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দরিয়াপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।
ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন প্রদীপ কুমার। পরে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।